জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে বাবা আব্দুল কাদের (৭০) খুন হয়েছেন। গতকাল সকালে পাঁচবিবি উপজেলার বরণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে ও আটাপুর ইউনিয়নের সাবেক সদস্য সুলতান মাহমুদ দেওয়ানকে (৪৫) আটক করেছে পুলিশ।

নিহত কাদের দেওয়ানের স্ত্রী আরজিনা বেগম জানান, তার বড় ছেলে সুলতান মাহমুদ উচ্ছৃঙ্খল প্রকৃতির। সবসময় বাড়ির লোকজনকে মারপিটসহ দুর্ব্যবহার করত। শুক্রবার দুপুরেও স্ত্রী, মেয়ে ও ছোট ছেলেকে মারপিট করে। শনিবার রাতে ঘুমানোর সময় সুলতান তার বাবাকে ঘর থেকে বের করে দেয়। আমার স্বামী রান্নাঘরে ঘুমান। ভোর সাড়ে ৪টার দিকে ছেলে সুলতান তার ঘর থেকে বের হয়ে বাবাকে দেখতে পেয়ে গালাগাল করে। একপর্যায়ে খাটের পায়া দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আমার স্বামীর মৃত্যু হয়। এর আগে আমার স্বামী চিত্কার করলেও ছেলে সুলতানের ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি। পরে স্থানীয়রা থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় আটাপুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী জানান, সুলতান বদমেজাজী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। একাধিকবার তার বিচার সালিশ করেও ব্যর্থ হয়েছি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।