চাঁদপুরের হাইমচরের সাবু মাস্টার এলাকায় অটোরিকশা উল্টে একজনের মৃত্যু হয়েছে। নিহত মনিরুল ইসলাম খোকন (৪৫) ওই অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ চালক দেলোয়ারসহ অটোরিকশাটিকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, নিহত খোকন মাছ বিক্রেতা। আরো দুজন মাছবিক্রেতাকে নিয়ে অটোরিকশায় করে সাবু মাস্টার এলাকায় যাওয়ার সময় ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশার চালকও একজন মাছ বিক্রেতা।

তবে পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। নিহত খোকনের স্ত্রী নাজমুন নাহার বলেন, কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। আমরা থানায় লাশ নিতে এসেছি।

এ বিষয়ে হাইমচর থানার ওসি মো. ইয়াসিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় চালকসহ অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসা হয়।