মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীতে পিকনিকের নৌকাডুবির ঘটনায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৪ জুলাই) বেলা দুইটার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস। এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুসুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। আহতরা মুন্নু মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরির দল কাজ করছে।

নিহত লিমন হোসেন (১৪) মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ধানকুরা ইউনিয়নের সাহেব আলির ছেলে।

নিখোঁজ ব্যক্তি একই এলাকার দানেজ আলির ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও একই উপজেলার উত্তর কাউনার গ্রামের মৃত সেলিমের ছেলে রাসেল (১৪)।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে যমুনা সেতু দেখতে নৌ ভ্রমণে যান কামতা এলাকাসহ এর আশপাশের গ্রামের বিভিন্ন বয়সী ৬০ জন। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে কুসুন্ডা এলাকায় এলে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলার চালকসহ ৫৮ জন নদীর পাড়ে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হন। পাড়ে আশা ভ্রমণকারীদের মধ্যে ৫ জন আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা, এ সময় কর্মরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সাভিসের ডুবুরির দল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।