মানিকগঞ্জে খাদ্যপণ্যের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া এলাকার একটি রিসোর্টে যৌথভাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সুইজারল্যান্ডভিত্তিক সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (জিএআইন) এ কর্মশালার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, জিএআইএন এর পোর্ট ফোলিও লিড ড. আশেক মাহফুজ, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা নাজনীন, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান, অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস ও আসাদুজ্জামান রুমেল, জিএআইএন-এর সমন্বয়কারী লাইলুন নাহার প্রমুখ।

কর্মশালায় ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে ভোজ্য তেল সমৃদ্ধকরণের মাধ্যমে খাদ্যপণ্যের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া খোলা ড্রামের তেল বিক্রি বন্ধে এবং আসন্ন রমজান উপলক্ষে নিত্য পণ্যের যৌক্তিক মূল্যের অধিক মূল্যে বিক্রি বন্ধে সকলকে সচেতন হতে হবে এবং সহযোগিতা করতে হবে।

দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, হোটেল মালিক ও গনমাধ্যমের প্রতিনিধিরা।

এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসক মানিকগঞ্জ জেলা শহরের বাজার তদারকি করেন।