কোরবানির চামড়া যেন ঢাকা থেকে বের হতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট
এলাকার সব চেকপোস্টকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ
(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। পাচার রোধে দেশের সব এলাকা থেকে চামড়া শুধুমাত্র ঢাকামুখী
হবে বলেও তিনি জানান।
শনিবার (১৫ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে কোরবানির
ঈদে চামড়া সংগ্রহ, বিপণন, সংরক্ষণ ও সরবরাহে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত
সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, চামড়া যেন ঢাকা থেকে বের হতে না পারে সেজন্য
সবগুলো পয়েন্টে পুলিশের চেকপোস্ট রয়েছে। গাবতলী থেকে বের হয়ে চামড়াবাহী গাড়ি হেমায়েতপুর
পর্যন্ত যেতে পারবে। এরপর ঢাকা জেলা পুলিশের চেকপোস্ট থাকবে। হেমায়েতপুর পার হয়ে চামড়া
অন্য কোথাও যেন না যেতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরের দেশের
বিভিন্ন এলাকার চামড়া যেন সীমান্ত পার হয়ে বাইরে না যেতে পারে সে বিষয়ে জেলা পুলিশের
প্রতি পুলিশ সদর দপ্তর থেকে আইজিপি নির্দেশনা দিয়েছেন। সব চামড়া যেন ঢাকামুখী হয় সে
ব্যবস্থা নেয়া হয়েছে এবং পুলিশের সেই তৎপরতা রয়েছে।
ঈদের ছুটিতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে
তিনি বলেন, প্রতিবছর রাজধানী থেকে এক কোটি মানুষ বিভিন্ন অঞ্চলে প্রিয়জনদের সঙ্গে ঈদ
করতে যায়। তাদের ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি
ঢাকাকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে। এবারো ঈদ উপলক্ষে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি পুলিশের নিজস্ব কার্যক্রম চেকপোস্ট ও টহল রয়েছে। এ কার্যক্রমের সঙ্গে যুক্ত
হয়েছে ভবনের নিরাপত্তায় থাকা নিরাপত্তা কর্মীরা। তারা সমন্বয় করে আমাদের সঙ্গে কাজ
করবেন যাতে কোনো সমস্যা না হয়। আমরা জানি বাসা-বাড়ি, দোকান, অফিস খালি রেখে সংশ্লিষ্টরা
ঈদের ছুটিতে যাচ্ছেন। সুতরাং সেগুলোর নিরাপত্তার দায়িত্ব পুলিশের।
এমপি আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের একাধিক নেতা গ্রেফতারে
কোনো চাপ আছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল
আজীম আনার হত্যার ঘটনায় হওয়া মামলার তদন্ত সঠিকভাবে এগিয়ে চলছে। মামলা তদন্তে কারো
হস্তক্ষেপ নেই। স্বাধীনভাবে আমরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি।










