খুলনা বিভাগে ফের বেড়েছে করোনায় মৃত্যু। তবে কমেছে আক্রান্তের সংখ্যা। খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার বিভাগে ২৭ জনের মৃত্যু হয়েছিল।
শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে,খুলনা থেকেই প্রতিদিন সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। সীমান্তবর্তী হওয়ায় এ বিভাগে সংক্রমণও বাড়ছে ভয়াবহ মাত্রায়, সে জন্য অতি-সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টই দায়ী বলে ধারণা করা হচ্ছে।
রাশেদা সুলতানা বলেন, একদিনে বিভাগে খুলনায় সর্বোচ্চ ১১ জন, যশোরে আটজন, কুষ্টিয়ায় পাঁচজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন, নড়াইলে দুজন ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
তিনি বলেন, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৫৯ হাজার ২৬০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৬৫২ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৩৭ জনের। মোট মারা গেছেন ২৮৫ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ২৪৮ জন।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোতে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা জেলার সাতজন। এ সময়ে ১৮০টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা মোট নমুনা পরীক্ষার ৪১ শতাংশ।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত সপ্তাহ জুড়ে দেশে কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মারাত্মক রূপ নেয়, আর এতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে খুলনা বিভাগ।










