কুড়িগ্রামে ধরলা নদীতে গোসল করতে নেমে
খোদেজা বেগম (২৭) নামে এক গৃহবধূর পানিতে ডুবে মারা গেছেন। খোদেজা বেগম সদর উপজেলার
মোগলবাসা ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামের খয়শের আলীর মেয়ে। তিনি ওই গ্রামের দিনমজুর ছয়ফুল
ইসলামের স্ত্রী।
বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে কৃষ্ণপুর
এলাকার ধরলা নদীতে এ ঘটনা ঘটে। মোগলবাসা ইউপি চেয়্যারম্যান মাহফুজার রহমান ধরলা নদীতে
গোসল করতে নেমে গৃহবধূর মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয়রা জানান, খোদেজা বেগম
দুই শিশুসন্তানসহ ধরলা নদীতে গোসল করতে যান। ছোট শিশুদের নদীর পাড়ে বসিয়ে রেখে খোদেজা
বেগম পানিতে নেমে নিখোঁজ হয়। পাড়ে বসে থাকা সন্তানরা মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি
শুরু করলে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজি করে। একঘণ্টা পর ঘটনাস্থল থেকে ১০০ ফুট
দূরে জালের সাহায্যে খোদেজা বেগমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
কুড়িগ্রাম সদর থানা ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ধরলা নদীতে গোসল করতে নেমে গৃহবধূর নিহত মরদেহ উদ্ধারের বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।










