এনসিপিসহ ১০ দলের সঙ্গে ৩০০ আসনে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা করা দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, একটু আগেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তারা আজ রাতে এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ছিলেন কর্নেল অলী আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল কাদের, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ৮ দলের শীর্ষ নেতারা। তবে এনসিপির কেউ এ সময় ছিলেন না।

আগে থেকে এ জোটে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

নতুন করে এ জোটে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হয়েছে। এ নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের রূপরেখা ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।