যশোরে ১৩ কোটি টাকা মূল্যের আরো একটি বড় স্বর্ণের চালান জব্দ করেছে বিজিবি। গতকাল ভোরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় তিনটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৫ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৩৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বেনাপোলে দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম (৩০), পুটখালী
গ্রামের আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন (২৫), চাঁদপুর
জেলার ঘাগড়া গ্রামের আরিফ মিয়াজী (৩৬), কুমিল্লা
দাউদকান্দি উপজেলার নৈয়ার গ্রামের সিরাজুল ব্যাপারীর ছেলে শাহজালাল (৩২), মাদারীপুর
জেলার বলশা গ্রামের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি (২৮) ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার অতিউল্লাহ বেপারীর ছেলে রবিউল ইসলাম রাব্বি (২৯)। স্বর্ণের বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
গতকাল বিকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন ঢাকা থেকে তিনটি প্রাইভেট কারে যশোরের বেনাপোল দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি দল শহরের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁদ পাতে। ভোর ৪টার দিকে পরপর তিনটি প্রাইভেট কার তল্লাশি করে গোপন বক্স বসিয়ে অভিনব কায়দায় রাখা ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্যে ১৩ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। এ সময় ছয়জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। এটি পার করে ইউএস ডলার নিয়ে ঢাকায় ফেরত যাওয়ার কথা ছিল তাদের। এ অঞ্চল দিয়ে পাচারকালে উদ্ধারকৃত এটিই বড় সোনার চালান বলে দাবি করেছেন তিনি।
এর আগে গত ২০ মে বিজিবি যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১২৪টি স্বর্ণের বারসহ শাহআলম নামে একজনকে আটক করেছিল। উদ্ধারকৃত ওই সোনার দাম ছিল ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা।










