কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন হোসেন বিশ্বাস (৩৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্তে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, নিহত লিটন উপজেলার বিলগাথুয়া মাঠপাড়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে। তার মরদেহ ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে। সেখান থেকে ফোন করে বিষয়টি নিশ্চিত করা হয়। হোয়াটসঅ্যাপে তারা ছবিও পাঠিয়েছেন। খবর শুনে ও ছবি দেখে বিলগাথুয়া গ্রামে লিটনের বাড়িতে খবর পাঠানো হয়। কিন্তু তার পরিবার থেকে কেউ থানায় আসেননি।
নিহতের পরিবারের বরাত দিয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান জানান, লিটন বিশ্বাস ভারত থেকে মালামাল নিয়ে এসে দেশে বিক্রি করতেন। শনিবার রাত ৯টার দিকে ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ফিরছিলেন। তার সঙ্গে একই পেশায় নিয়োজিত বাংলাদেশের আরো কয়েকজন ছিলেন। এ সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্তে টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন বিশ্বাস নিহত হন। অন্যরা বাংলাদেশ সীমানায় পালিয়ে আসেন। পরে বিএসএফ লিটনের মরদেহ নিয়ে হোগলবাড়িয়া থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে ১৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি জানতে চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।










