জেলার নাগেশ্বরীতে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় এক কৃষক নিখোঁজ হয়েছেন, তার নাম আব্দুস শফি (৭০)। গতকাল সোমবার (২১ আগস্ট) বিকালে নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট এলাকার একটি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

শফি নেওয়াশী ইউনিয়নের ফকির টাড়ী গ্রামের বাসিন্দা। তার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইমন মিয়া।

স্থানীয়রা জানান, গতকাল আমন ধানে নিড়ানি দেন শফি। কাজ শেষে ঘাসের বোঝা নিয়ে ফকিরের হাট বাজারের পাশের নদী সাঁতার দিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এসময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন।

সংবাদ পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। খোঁজাখুঁজির এক পযায়ে ভাটিতে ঘাসের বোঝাটি পাওয়া যায়।

গতকাল রাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমন মিয়া জানান, নিখোঁজ শফির সন্ধানে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছি। আগামীকাল সকালে আবারো অভিযান শুরু হবে।