জয়পুরহাটরের আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাইচ হাসান (৩৫) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ছেলের আকিকা উপলক্ষে ছুটিতে বাড়ি এসেছিলেন। নাইচ খাগড়াছড়ি সেনানিবাসে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ।

আজ রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের চাচাত ভাই হুমায়ুন কবির রানা জানান, সকালে ছেলের আকিকা অনুষ্ঠানের জন্য বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে হাবিব পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

পরে স্থানীয়রা বাস ও চালককে আটক করে পুলিশে খবর দেয়। তারা গিয়ে চালক মছির উদ্দীন ও বাসটিকে হেফাজতে নেয়। চালক মছির জেলার দুপচাঁচিয়া এলাকার বাসিন্দা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দীক বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।