নরসিংদী জেলা কারাগারে সংঘটিত ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ৭৭ জনকে
বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে ৬৭ জন কারারক্ষী, জেলার, জেল সুপারসহ আরো ১০ জন কর্মকর্তা
রয়েছেন।
বুধবার (৩১ জুলাই) নরসিংদী জেলা কারাগারের বর্তমান জেল সুপার শামীম
ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে তাদের বরখাস্তের
পাশাপাশি সবার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
কোটা আন্দোলনের নামে গত ১৯ জুলাই (শুক্রবার) বিকালে নরসিংদী জেলা
কারাগারে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। দুর্বৃত্তরা জেলখানায় থাকা
৯ জন জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায় এবং এ সময় আরো ৮১৭ জন কারাবন্দি জেল থেকে পালিয়ে যাবার
সুযোগ পায়। জেলখানার অস্ত্রাগার থেকে লুট হয়েছে ৮৫টি আগ্নেয়াস্ত্র, ৮ সহস্রাধিক গুলি
এবং প্রায় ১৮ লাখ টাকা। জেলখানাটি পুড়িয়ে ধ্বংস করে দেয়।
এমন পরিস্থিতিতে এবং পলায়নরত আসামিরা যাতে আত্মসর্মপণ করে সেজন্য
২১ জুলাই রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে
বুধবার (৩১ জুলাই) পর্যন্ত দীর্ঘ ১২ দিনে ৫৯৭ জন পলায়নরত কারাবন্দি নরসিংদীর আদালতে
স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। ৮৫টি লুট হওয়া অস্ত্রের মধ্যে ৪৯টি অস্ত্র ও ১ হাজার ৯১টি
গুলি উদ্ধার করা হয়েছে।










