কুমিল্লার লাকসামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে রবিউল হোসেন (৪২) নামে ডিলারের বিরুদ্ধে। তিনি স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক (সদ্য বিলুপ্ত)। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তার বাড়ি থেকে ৩৫০ কেজি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যায় গোবিন্দপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এক আত্মীয়ের ঘরে চাল রেখে যান রবিউল হোসেন। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ৯৯৯-এ ফোন করেন। এ সময় চাল পরিবহন করা রিকশাচালক সফিকুর রহমানকে আটক করেন এলাকাবাসী। পরে জিজ্ঞাসাবাদে চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত হন নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, ‘রবিউল হোসেন চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে আসার বিষয়টি স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’