সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানার সামনে ছয়টি লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন৷ এছাড়া আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ায় একটি কারখানার সামনের সড়কে থাকা লরিগুলোতে আগুন লাগে। আগুনে একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সিলিন্ডারগুলো ঠান্ডা করার কাজ চলছে।

ফায়ার সার্ভিস (ঢাকা ৪) এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, লরিতে আগুন লাগার পর সেখানে থাকা সিলিন্ডারগুলো বিস্ফোরিত হতে থাকে। এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আগুনে দগ্ধ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরো একজন মারা গেছে। ঢাকা মেডিকেলে আরো দুজন ভর্তি আছে। তাদের অবস্থা গুরুতর।

তিনি জানান, লরির ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের লরির আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে চার ইউনিট কাজ শুরু করে। কিন্তু একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় একটু বেগ পেতে হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। এখন উত্তপ্ত সিলিন্ডারগুলো ঠান্ডা করার কাজ চলছে। এখান থেকে আবার যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনার পর থেকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে সাংবাদিকদের জানিয়েছে তারা।