ময়মনসিংহের নান্দাইলে সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষে আ. রাজ্জাক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক ওই গ্রামের মৃত মাইজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আলম মিয়া একই উপজেলার খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকে আলম মিয়ার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া ও পারিবারিক কলহ লেগেই থাকত। সোমবার রাত ১০টার দিকে পারিবারিক কলহ মীমাংসার জন্য স্থানীয় মধুপুর বাজারে সালিশ হয়। তবে সালিশের কোনো সমাধান না হওয়ায় উভয় পক্ষের লোকজন বাড়ি ফিরে যাচ্ছিল। পথে আত্মারামপুর গ্রামে এসে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের সংঘর্ষ মেটাতে আসেন আ. রাজ্জাক, কিন্তু একপর্যায়ে প্রতিপক্ষের দায়ের কোপে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার এসআই মোস্তাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’