কুষ্টিয়ার কুমারখালী থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গাড়ি চালক সম্রাটের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ শনিবার (২৫ মার্চ) এমডির প্রাডো গাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন হোসেন জানান, আজ সকাল ১০টার দিকে কুমারখালী উপজেলার সাদিপুর এলাকায় গাড়ির ভেতর সম্রাটের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।

নিহত চালক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

ওসি জানান, সম্রাট গত ২৪ মার্চ এমডিকে নিয়ে অফিসে যান। এরপর গাড়ি নিয়ে বিদ্যুৎকেন্দ্র থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন তিনি।

পদ্মার চরে স্থানীয় লোকজন দুইদিন ধরে প্রাডো গাড়িটি পড়ে থাকতে দেখেন। এক পর্যায়ে সন্দেহ হলে তারা পুলিশ খবর দেন। পুলিশ আজ সকালে ঘটনাস্থলে এসে বস্তাবন্দি অবস্থায় সম্রাটের মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মহাসিন।

সম্রাট নিখোঁজ জানিয়ে গতকাল ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্ত্রী সীমা খাতুন। সীমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে বলেও জানান ওসি।