বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে এখনো আধিপত্যবাদের ছায়া বিস্তৃত রয়েছে। একটি মহল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আজ রোববার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এতটাই শক্তিশালী যে, অতীতের মতো ভবিষ্যতেও এসব অপচেষ্টা ব্যর্থ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় নেতা উল্লেখ করে রিজভী বলেন, তিনি চাইলে দেশের যে কোনো এলাকা থেকেই নির্বাচনে অংশ নিতে পারেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে কোথাও তার প্রার্থিতা নিয়ে কোনো বাধা থাকবে না।
বিএনপির এ সিনিয়র নেতা বলেন, তারেক রহমান সারা দেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রধান প্রতীক। সারা দেশের মানুষ তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং তাকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করেছে। সে কারণেই তিনি দেশের যে কোনো এলাকা থেকে নির্বাচন করতে পারেন।
বিএনপির এ মুখপাত্র বলেন, তারেক রহমান যেখান থেকে উপযুক্ত মনে করবেন, সেখান থেকেই নির্বাচন করবেন এবং তার জনপ্রিয়তার কারণে কোনো এলাকাতেই তার প্রার্থিতা নিয়ে কোনো বাধা থাকবে না।
এ সময় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাসাসের সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, গান, কবিতা, নাটক ও সাহিত্যচর্চার মাধ্যমে সাংস্কৃতিক কর্মীরা জাতিকে উদ্বুদ্ধ করবেন এবং একটি শক্তিশালী জাতীয় সংস্কৃতি গড়ে তুলবেন।
অনুষ্ঠানে জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















