ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মুঘল যুগের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারের জন্য ২ লাখ ৩৫ হাজার অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আজ অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) অনুদানটি ঘোষণা করে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
এএফসিপি অনুদানের আওতায় এরই মধ্যে সারা দেশে ১৩টি প্রকল্পে এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করা হয়েছে।
এর আওতায় বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় মুসা খান মসজিদের ইসলামি স্থাপত্য বৈশিষ্ট্যের পুনরুদ্ধার, একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলমের সঙ্গে যৌথভাবে এএফসিপি অনুদানটি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
এ বিষয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় বলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ২৫ বছরের সাংস্কৃতিক অংশীদারত্ব আরো দৃঢ় হলো।










