ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলা ভবনের
দ্বিতীয় তলায় স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে স্টোররুমে থাকা যন্ত্রপাতি
ও ওষুধপত্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা
তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে আটটার দিকে
আগুনের সূত্রপাত হয়।
এদিকে আগুন লাগার খবর দ্রুত ছড়িয়ে পড়ায় রোগীদের মধ্যে হুড়োহুড়ি লেগে
যায়। আতঙ্কে ছয়তলার সঙ্গে লাগোয়া ১০তলা ভবনের
রোগীরাও নিচে নেমে আসে এবং নিরাপদে অবস্থান নেয়।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে স্টোররুমের
তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ফরিদপুরের জেলা প্রশাসক মো.
কামরুল হাসান তালুকদার ও ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাভাষ বাড়ৈ জানান,
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্টোররুমের তালা ভেঙে দক্ষতার সঙ্গে কাজ করে দ্রুততম
সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি ওই
কর্মকর্তা।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, স্টোররুমে
আগুন লাগায় এবং দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ব্যবস্থা নেয়ায় আগুন অন্যান্য ওয়ার্ডে
ছড়িয়ে পড়তে পারেনি ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে নিরুপণ করা সম্ভব
হচ্ছে না জানিয়ে হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার জানান, পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে
তারপর ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।
এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে গত এক মাসে এ নিয়ে তিনটি অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটেছে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, হাসপাতালে সরু সিঁড়ির কারণে আগুন নিয়ন্ত্রণে
আনতে ফায়ার সার্ভিস কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এ বিষয়ে করণীয় নিয়ে উপরোক্তদের
সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি।
সকাল ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে রোগীরা নিজ নিজ অবস্থানে
ফিরে যান।










