পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পাথর উত্তোলন বন্ধের পাশাপাশি বোল্ডার পাথরের বদলে ভাঙা পাথর আমদানির প্রস্তাব দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কাজী এমদাদুল হক। গতকাল সিলেটের একটি হোটেলের হলরুমে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির উদ্যোগে আয়োজিত (বেলা) ‘স্টোন ক্রাশার মেশিনের অবৈধ ব্যবহার: জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় রোধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের সঞ্চালনায় এ সেমিনারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পাল, সদরের ইউএনও কাজী মহুয়া মমতাজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে বক্তারা বলেন, সিলেটের বিভিন্ন উপজেলায় নদ-নদী থেকে দীর্ঘদিন ধরেই পাথর উত্তোলন করা হচ্ছে। নদ-নদীতে পাথর কমে আসায় এখন টিলা, বনজঙ্গল কেটে পাথর উত্তোলন করা হচ্ছে। এছাড়া শুল্কস্টেশন ও স্থলবন্দর দিয়ে ভারত থেকে বোল্ডার পাথর আমদানি হয়। উত্তোলিত ও আমদানীকৃত এসব পাথর ভাঙার জন্য সিলেটের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য পাথর ভাঙার কল। এ কলগুলো শব্দ ও পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব কল এক জায়গায় নিয়ে একটি একটি জোন স্থাপনে ২০১৬ সালে উচ্চ আদালত একটি নির্দেশনা দিলেও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।










