টাঙ্গাইলের সখীপুরের পলাশতলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তথ্যপ্রমাণ না থাকায় তিনজনকে খালাস দেয়া হয়েছে। গতকাল সকালে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকা এ রায় ঘোষণা দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সখীপুরের ফুলবাগ গোবরচাকা গ্রামের মৃত হাসান আলীর ছেলে মিনহাজুর রহমান মিন্টু এবং একই গ্রামের সুর্যদ আলীর ছেলে আব্দুল মালেক শুকুর। রায় ঘোষণার সময় মিন্টু আদালতে উপস্থিত ছিলেন। শুকুর পলাতক রয়েছেন।

রাষ্ট্রের পক্ষের আইনজীবী মোহাম্মদ মহসিন সিকদার বলেন, ২০১১ সালের ২০ অক্টোবর দুপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু সখীপুরের পলাশতলী মহাবিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি বৈল্লারপুর এলাকায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে মিনহাজুর রহমান মিন্টু ও তার লোকজন জামাল হোসেনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিন জামাল হোসেনের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেন। ২০১২ সালের ২৬ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আইয়ুব আলী পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গতকাল দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।