ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হয়েছে কবির ৪৭তম প্রয়াণ দিবস।

গতকাল সকালে প্রথমে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের নেতৃত্বে  ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসানসহ শিক্ষক-কর্মকর্তারা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘নজরুলের রচনা থেকে বাঙালি পেয়েছে আত্মিক বল, বিশ্বে পরিচয়, ভবিষ্যতের দিশা। ফলে নজরুলের রচনা সত্যিই সে সময় প্রাসঙ্গিক কিনা—এ প্রশ্ন উঠেছিল।’

এদিকে নজরুলের প্রয়াণ দিবসে ক্যাম্পাসে অবস্থিত জাতীয় কবির ভাস্কর্যেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

এদিন সকাল ৬টায় কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে আজ প্রশাসনিক ভবনের কনাফরেন্স কক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে।