খুলনা নগরীতে স্ত্রীর সামনে এক যুবককে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটেছে। সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। নিহত আলাউদ্দিন মৃধা (৩৫) ওই এলাকার বাসিন্দা মনা মুন্সির ছেলে এবং করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটে।

পুলিশ জানায়, সন্ধ্যায় আলাউদ্দিন ও তার স্ত্রী ঘরের বারান্দায় বসে কথা বলছিলেন। এ সময় পাঁচ-ছয়জন ওই বাড়িতে প্রবেশ করে আলাউদ্দিনকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। দুটি গুলি তার বুকে ও পেটে বিদ্ধ হয়। এরপর তারা ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। ঘটনাস্থলে আলাউদ্দিনের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিআইডিকে খবর দেয়া হয়েছে।

নিহত আলাউদ্দিনের স্ত্রী নারগিস বেগম সাংবাদিকদের বলেন, ‘তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে প্রথমে আলাউদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আলাউদ্দিন মাটিতে লুটিয়ে পড়ার পর তার পা চেপে ধরে একজন জবাই করে এবং পরে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে।’

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।’