সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার ও তার অধীন কর্মচারী দ্বারা এক ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) ও মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম মানিককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের খাইয়ারগাঁও গ্রামে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে স্থানীয় সেলিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ছেদু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, ভুক্তভোগী ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) নজরুল ইসলাম মানিক, আওয়ামী লীগ নেতা রইছ মিয়া, অ্যাডভোকেট শামীম আহমদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সীমান্ত এলাকার দরিদ্ররা নদীতে বালি-পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে। তাদের তোলা পাথর নদীর ঘাটে জব্দ করে প্রতি মাসে নিলামে বিক্রি করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ৯ ফেব্রুয়ারি জব্দকৃত পাথর নিলামের সময় স্থানীয় মকবুল হোসেনের সঙ্গে উপজেলা ভূমি অফিসের সহকারী তহসিলদার কামাল হোসেনের বাগিবতণ্ডা হয়। এ নিয়ে তাকে মারধর করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসার কথা বললে ইউএনও তাকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারাসহ সামাজিক নানা শ্রেণীর মানুষ।
এ ব্যাপারে ইউএনও ইমরান শাহরিয়ারকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি তিনি জানেন না। খোঁজখবর নিচ্ছেন। এ রকম ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










