বর্তমান জ্বালানি সংকটের জন্য বিগত সরকারকে দায়ী করেছেন তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আগের সরকারের ভুল নীতির কারণেই দেশে এ সংকট তৈরি হয়েছে।

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সকালে দেশব্যাপী টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত থাকা সত্ত্বেও আগের সরকার নিজস্ব গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেয়নি। বরং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীলতা তৈরি করেছিল। এর ফলে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিতে দেশকে জ্বালানি সংকটে পড়তে হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার রাষ্ট্র কাঠামো নতুনভাবে গড়ে তুলতে কাজ করছে। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনীয় সংস্কার না হলে চলমান সংকট থেকে মানুষকে মুক্ত করা সম্ভব হবে না।

অনুষ্ঠানে তিনি বলেন, গণমাধ্যমের মূল কাজ জনসেবা করা। মানুষের তথ্য পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো বাধা না আসে, সে দায়িত্ব গণমাধ্যমকে পালন করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বরিশালের ৮টি উপজেলায় ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জনকে হামের টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ৮ হাজারের বেশি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন আগৈলঝাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন এস এম মঞ্জুরে এলাহী এবং আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডা. সাহানাজ বেগম, ইউনিসেফ প্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. মনিরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো জানানো হয়, চলতি বছরে বরিশাল বিভাগে ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৯ জন শিশু।