দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০-২০ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ বৃদ্ধির কারণে পণ্যটির দাম কমে এসেছে।

হিলি বাজারে গতকাল ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ আছে। দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৯০-১০০ টাকা। বর্তমানে তা ৮০-৯০ টাকায় নেমে এসেছে। বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘হিলির বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ জাতের পেঁয়াজ দেশের সব বাজারে পাওয়া যাবে। এ কারণে দাম কমে এসেছে। এছাড়া যেসব কৃষক পুরনো পেঁয়াজ বাড়িতে মজুদ করে রেখেছিলেন তারা তা বাজারে ছাড়তে শুরু করেছেন।’

তিনি জানান, এর আগে মোকামগুলোয় প্রতি মণ পেঁয়াজের দাম ছিল ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা। বর্তমানে তা ৩ হাজার থেকে ৩ হাজার ৪০০ টাকায় নেমে এসেছে।

এছাড়া পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। শিগগিরই ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে। এ খবরও পেঁয়াজের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।