কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া আক্তার বিথিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) বিকাল ৩টার দিকে আলমপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় বিথির সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে।’










