রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বানিবহ বাজার থেকে তার বাড়ির কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

চতুর্থধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী ছিলেন লতিফ মিয়া। জানা গেছে, প্রচারণা শেষে গত রাত ১২টার দিকে বাড়ি ফেরার সময় আক্রান্ত হন তিনি। তাকে লক্ষ্য করে ৬টি গুলি ছোঁড়া হয়। এরমধ্যে পাঁচটি তার শরীরে বিঁধে। ঘটনার পর লতিফকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী ও পরে ফরিদপুরে হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা আনার পথে তার মৃত্যু হয়।

নির্বাচনে প্রার্থীতার কারণে জামায়াত-বিএনপি ও আওয়ামী লীগের একাংশ মিলে লতিফের হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করছেন স্বজনরা। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের ধরতে চিরুনি অভিযান চলছে। ঘটনার পর বানিবহ বাজারসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা নিহতের জানাজা শেষে দাফনের কথা রয়েছে।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, হত্যাকাণ্ডের সবদিক বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের ধরতে এলাকায় চিরুনি অভিযান চলছে।