কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কোটা সংস্কার আন্দোলনকেন্দ্রিক সহিংসতা ও আইন-শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা অভিযান পরিচালনা করছে। এতে বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। এ পরিস্থিতিতে চবির সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদের ও রন্টু দাশ সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।