ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল সকাল ১০টার দিকে দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থাকা মা-মেয়ে নিহত হয়েছেন। বগুড়াতেও রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু প্রাণ হারিয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় আরো পাঁচ জেলায় আটজনের প্রাণহানি খবর পাওয়া গেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ফেনী: সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। সিলোনিয়া বাজারে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন দাগনভূঞা উপজেলার জায়ালস্কর ইউনিয়নের দক্ষিণ জায়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০), একই ইউনিয়নের খুশিপুর গ্রামের মো. শহীদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০) অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ জানান, হতাহতের খবর তিনি পেয়েছেন। তবে প্রকৃত সংখ্যা এখনো জানতে পারেননি তারা। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে গাড়িচাপায় দুজন নিহত হয়েছেন। গতকাল ভোরে কাঁচপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম রাকিব (২২)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, একটি বিকল ট্রাক আরেকটি ট্রাকের সাহায্যে টেনে নেয়া হচ্ছিল। পথে ট্রাকটি সেতুর বিভাজকের সঙ্গে আটকে যায়। তখন সেটি ফেলে ওই দুজন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়িচাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহত দুজনের মধ্যে একজনের নাম রাকিব। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাবনা: ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত একটি ট্রাকচালক ছিলেন। গতকাল সকাল ৭টার দিকে ঈশ্বরদী পৌর এলাকায় ঈশ্বরদী-পাবনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহত সবুজ মিয়া পাবনার বড়মাটিয়া দেবোনিয়া এলাকার খোকন প্রামাণিকের ছেলে। আহতরা হলেন বাবু মিয়া (৩০), নাজমুল হক (৩০) ও আশরাফুল (৩৫)।

অন্যদিকে ঈশ্বরদীর বিমানবন্দর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে বিমানবন্দর সড়কের গোপালপুর আরামবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিব্ব কুণ্ডু (২২) উপজেলার সারা ইউনিয়নের ধাপারি গ্রামের পীযুষ কুণ্ডুর ছেলে।

ঝিনাইদহ: সদর উপজেলার নগর বাথান এলাকায় বাসচাপায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো নগর বাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত (৮)।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস জানান, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলেন চালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল এলাকায় একটি বাস সামনে থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিফাত হোসেন মারা যায়। আহত হন ভ্যানচালক নজরুল ইসলামসহ দুজন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। গতকাল দুপুরে পৌরসভার মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা রোড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাকসুদা বেগম (৪৫) ও তার মেয়ে সানজিদা সুলতানা (২৫)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা বাজারের টিঅ্যান্ডটি এলাকায়।

বগুড়া: জেলার আদমদীঘিতে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্য বন্ধু। গতকাল রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল বামনীগ্রামের নয়ন হোসেনের ছেলে তৌফিক হোসেন (১৮) ও হেলাল হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮)। আহত আকাশ হোসেন (১৮) একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নওগাঁ: পত্নীতলায় ট্রলিচাপায় হাবিবুর রহমান নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। গতকাল বেলা ২টায় উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

নাটোর: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে সুজন কুমার কুণ্ডু নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার দিয়ারভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুজন কুমার লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাগান মহল্লার সুনীল কুমার কুণ্ডুর ছেলে।