গবেষণা ও দেশের অর্থনৈতিক ক্ষেত্রে মৎস্য শিল্পের গুরুত্বারোপ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘পানিদূষণের কারণে দেশীয় প্রজাতির অনেক মাছ আজ বিলুপ্তির পথে। বিলুপ্তপ্রায় মাছের জাতগুলো কীভাবে স্বাদু পানিতেও উৎপাদন করা যায়, সেদিকে মৎস্য গবেষকদের মনোযোগ দিতে হবে।’

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাছের পুষ্টিগুণ, মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিতপূর্বক মৎস্য শিল্পের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ। গতকাল দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ সেশন।

মৎস্য খাতকে পুষ্টির অন্যতম প্রধান উৎস অ্যাখ্যা দিয়ে উপাচার্য বলেন, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আমরা মৎস্য উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাত এবং এর ব্যবস্থাপনার বৈজ্ঞানিক পদ্ধতি চালুর মাধ্যমে মৎস্যজীবীদের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’