ভালুকা পৌরসভার খারুয়ালী গজারীরখাল এলাকায় অবস্থিত গ্লোরি স্পিনিং মিল নামে একটি ডায়িং কারখানার কয়েক হাজার শ্রমিক বেতন-ভাতার দাবিতে তিনদিন ধরে আন্দোলন করছেন। এরই অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ৮টায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থানার মোড় এলাকায় অবরোধ করেন। দেড় ঘণ্টাব্যাপী অবরোধকালে মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে যানবাহন চালক ও যাত্রীরা ভোগান্তির শিকার হন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকরা জানান, ওই কারখানায় চারটি সেকশনে প্রায় ১০ হাজার নারী-পুরুষ কাজ করেন। অসুস্থ হলেও কর্তৃপক্ষ ছুটি দেয় না, উল্টো গালাগাল করে। কারখানা থেকে মাসের ৭ তারিখে বেতন দেয়ার কথা। কিন্তু মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও বেতন দিচ্ছে না। এ নিয়ে তিনদিন ধরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছে। কিন্তু বেতন ও ওভারটাইমের টাকা দিচ্ছে না। একপর্যায়ে বুধবার বিকালে কারখানার ভেতরে-বাইরে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ সেখানে উপস্থিত হলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতনের আশ্বাস দেয়। এতে শ্রমিকরা আন্দোলন থামিয়ে বাড়ি চলে যান। গতকাল সকালে বেতন ও ওভারটাইমের টাকা না পেয়ে আবারো আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
কারখানার জেনারেল ম্যানেজার প্রিতেষ সাহা জানান, শ্রমিকদের দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে। শ্রমিকদের বেতন দেয়া শুরু করেছেন তারা। শিল্প পুলিশের এএসপি জাহাঙ্গীর আলম জানান, আন্দোলনরত শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দেয়ায় শ্রমিকরা অবরোধ তুলে নেন।










