ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলোচিত দুই শিশুকে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী সফিউল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে তাকে গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, ঘটনার পর থেকে আশুগঞ্জ থানা পুলিশের একাধিক টিম সফিউল্লাহকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। তার ওপর শুরু থেকেই নজর রেখেছিল পুলিশ। আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুরের একটি বাস কাউন্টারের সামনে থেকে সফিউল্লাকে গ্রেফতার করা হয়। তিনি রংপুর যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিলেন। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নেয়া হচ্ছে। এরপর জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে।

গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের দুই শিশু সন্তান ইয়াছিন (৭) ও মোরসালিনের (৫) মৃত্যু হয়। প্রথমে পরিবারের অভিযোগ ছিল, জ্বরাক্রান্ত ওই দুই শিশুকে নাপা সিরাপ খাওয়ানোর পর তাদের মৃত্যু হয়। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে দুই শিশুর মা রিমা বেগম তার প্রেমিক সফিউল্লার দেয়া বিষমাখা মিষ্টি খাইয়ে দুই সন্তানকে হত্যা করেন। এ ঘটনায় ১৬ মার্চ রাতে রিমাকে গ্রেফতার করে পুলিশ। রিমা ও সফিউল্লার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন মৃত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন।