সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

হাকিমপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে আজ রোববার (৪ আগস্ট) দুপুর পৌনে ১টায় হিলির কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে তারা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অবস্থান নেন। এ সময় তারা অভিযোগ করেন, ছাত্রদের কোটাসংস্কার আন্দোলনে যে সকল দাবি ছিল তার সবগুলোই মেনে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও ছাত্রদের ওপর ভর করে বিএনপি-জামায়াত একদফার দাবিতে আন্দোলন করছে। তাদের এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না জানিয়ে তাদের সকল ধরনের নৈরাজ্য মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তারা।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে সকল নেতাকর্মীরা সমাবেত হয়েছি। এখন থেকে পাড়া মহল্লায় আমাদের এই অবস্থান থাকবে। এরই অংশ হিসেবে আমরা একটি বিক্ষোভ মিছিল করেছি। পূর্বে ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলন ছিল, সেখান থেকে তারা বেরিয়ে গিয়ে এখন সরকার পতনের যে বিষয়টি নিয়ে এসেছে এতে এটা এখন আমাদের নিকট সুষ্পষ্ট যে, এটি জামায়াত-বিএনপির একটি চাল। সে কারণে এখন থেকে আমরাও মাঠে থাকবো, যদি তারা মাঠে নামে আমরাও তাদের প্রতিহত করার চেষ্টা করবো।

হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশিদ বলেন, সারাদেশে ছাত্র আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি। সেই সঙ্গে আমরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছি। ছাত্রদের যে দাবি ছিল এর মধ্যেই সেই দাবি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। অন্যান্য যে দাবির কথা বলেছে, সরকার পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করছে। কিন্তু এখানে জামায়াত-বিএনপির ছেলেমেয়েরা একত্রিত হয়ে তাদের ছাত্র আন্দোলনের নেতা হিসেবে দাবি করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার পায়তারা করছে।