চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর নূর মোস্তফা টিনুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নগরীর পাঁচলাইশ থানার বাসিন্দা মেহেদী হাসান রাকিব নামে এক যুবককে তুলে নিয়ে ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে মারধর ও হত্যার হুমকির ঘটনায় টিনুর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত এ আদেশ দেন। নুর মোস্তফা টিনু চসিকের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেনারেল রেকর্ড অফিস (জিআরও) শাখা পুলিশের পরিদর্শক মো. আবু তাহের জানান, পাঁচলাইশ থানার এক যুবককে অপহরণ, মারধর ও হত্যার হুমকির মামলায় কাউন্সিলর নুর মোস্তফা টিনু প্রথমে আদালতে আত্মসমর্পণ করেন। পরে তিনি জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।