ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও কলেজছাত্র নিহত হয়েছেন। এছাড়া রাজবাড়ীতে পিকআপের ধাক্কায় ভ্যানচালক ও তার মেয়ের প্রাণহানি হয়েছে। টাঙ্গাইলে কাভার্ড ভ্যানচাপায় নিহত হয়েছেন আরো একজন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ফরিদপুর: গতকাল সকালে নিজ বাড়ি থেকে কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা নারগিছ খাতুন। উপজেলার হামিরদী নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী রোজিনা পরিবহনের একটি বাস তাকে বহনকারী ইজিবাইকে ধাক্কা দেয়। এতে নারগিছ খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ইজিবাইকে থাকা আরেক যাত্রী রত্না ইসলাম (২২)। নারগিছ খাতুন উপজেলার মানিকদহ ইউনিয়নের কালীবাড়ী মানিকদহ গ্রামের আছমত আলীর স্ত্রী। ব্যাংকের ব্যবস্থাপক মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে উপজেলার তালমা নামক স্থানে গাড়িচাপায় জাহিদ মোল্লা (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার আশরাফ মোল্লার ছেলে এবং রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে পিকআপের ধাক্কায় ভ্যানচালক ও তার মেয়ে নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া ইউনিয়নের বড় ঘিকমলা বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চরভিটি গ্রামের হাসেম মণ্ডল (৫০) ও তার মেয়ে হালিমা (২৭)।
বালিয়াকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইল: সখীপুরে কাভার্ড ভ্যানচাপায় রনি আহমেদ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে সখীপুর-শহরগোপীনপুর সড়কের দেবলচালা আলতার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রনি উপজেলার ছোটচওনা গ্রামের আব্দুল লতিফের ছেলে ও বড়চওনা-কুতুবপুর (বিকে) কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, কাভার্ড ভ্যানচালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।










