রামগড় ব্যাটালিয়ন সদর, রামগড় স্থলবন্দর সংলগ্ন আইসিপি ও ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু এলাকা এবং বিজিবি স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

শুক্রবার (২২ মার্চ) বিকালে তিনি এ পরিদর্শন সম্পন্ন করেন। পরে বিজিবি মহাপরিচালক স্মৃতিস্তম্ভ এলাকায় সীমান্তবর্তী কয়েকশ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পরবর্তীতে বিজিবি মহাপরিচালক রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সদরে সব স্তরের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করেন। তিনি সবাইকে আভিযানিক, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় বিজিবি সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার, গুইমারা সেক্টর কমান্ডার এবং রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়কসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।