ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন একই বিভাগের এক ছাত্রী। পরে বিভাগের একাডেমিক কমিটির সভায় ওই শিক্ষককে সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান ও বরাদ্দকৃত বিভাগীয় কক্ষ বাতিলসহ বেশ কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় বিভাগের ১৮ জন শিক্ষকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিভাগীয় সূত্রে জানা যায়, গত মাসে (মার্চ) অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সৈয়দ আজিজুল হক বরাবর একটি অভিযোগ দাখিল করেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। ওই অভিযোগের ভিত্তিতে গত ২৯ মার্চ বিভাগটির একাডেমিক কমিটির সভা ডাকা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তের একটি কপি বণিক বার্তার সংগ্রহে এসেছে। এতে বলা হয়েছে, সভায় বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সৈয়দ আজিজুল হক অভিযুক্ত বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে একজন শিক্ষার্থীর আনা যৌন নিপীড়নের লিখিত অভিযোগটি উপস্থাপন করেন।










