রাজধানীর হাতিরঝিলে ব্রিজের ওপর একটি চলন্ত গাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে দুপুর ১টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার জানান, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসে ওঠার মুখে চলন্ত একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠাই। কিন্তু তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।
হাতিরঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিহাদুল ইসলাম জানান, হাতিরঝিলের ওভারপাসে হঠাৎ করেই মাইক্রোবাসটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তের মধ্যে গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের গাড়িগুলো দ্রুত সরে গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আগুনের ফলে ওভারপাস দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে আশপাশের এলাকাতেও।
এ ঘটনায় হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু বলেন, আগুন নেভানোর কাজ চলছে ও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে আপাতত ওই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।










