কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে নয় জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়।
বৃহস্পতিবার (২৯ মে) ভোরের দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। পরে কাশিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা পুশইন করা তিন নারী, দুই পুরুষ ও চার শিশুকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই নয়জনকে বাংলাদেশে পুশইন করে। পরে টহলরত বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার দুপুরে পুশইন হওয়া নয়জনকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










