লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী বারঘড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল চন্দ্র বর্মণ ওরফে সাদ্দাম (৩৩) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে ভারতীয় সীমান্তের মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে বেলা ২টার দিকে নিহত ওই গরু পারাপারকারী রাখালের মরদেহ বিএসএফ ও ভারতীয় পুলিশ নিয়ে যায়। গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।

বিএসএফের গুলিতে নিহত সুবল চন্দ্র বর্মণ ওরফে সাদ্দাম ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী এলাকার পেলকু বর্মণের ছেলে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী নিশ্চিত করেছেন।

এলাকাবাসী, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, গতকাল সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বারঘড়িয়া সীমান্তে মেইন পিলার ৯২০-৯২১ নং থেকে ১৫০-২০০ গজ ভারতের অভ্যন্তরে সুবল চন্দ্র বর্মণ ওরফে সাদ্দামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের লোহাকুচি ক্যাম্পের সদস্যদের জানায়।

ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে নিহত সুবল চন্দ্র বর্মণ ওরফে সাদ্দাম আমার ইউনিয়নের তালুক দুলালী এলাকার বাসিন্দা। তার পিতার নাম পেলকু বর্মণ।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল প্রকৌশলী এসএম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১০-১১ জুলাই এসব সীমান্ত পরিদর্শন করে যান বিএসএফের মহাপরিচালক (ডিজি) রাকেশ আস্তানা। তার সফরের ৭২ ঘণ্টার মধ্যেই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহতের ঘটনা ঘটল।