পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে জাহাঙ্গীর হাওলাদার (৪৫) নামে একজন চালক নিহত হয়েছেন। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে প্যাদার হাট বাজার এলাকা থেকে নিজ বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হাওলাদার কলাপাড়ার লোন্দা গ্রামের খালেক হাওলাদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে জাহাঙ্গীর হাওলাদার নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে ফেয়ারপ্রাইসের চাল কিনে লোন্দা গ্রামে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে প্যাদার হাট সড়কে হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লাগে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।










