আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, গুণীজনকে যাতে সঠিক মর্যাদা দিতে পারি, সে ব্যবস্থা আমরা চালু করেছি। এটা ধরে রাখতে হবে। গুণীজনকে সঠিক মর্যাদা দিতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কর্তৃক আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদকে সম্মাননা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, ‘‌ব্যারিস্টার শফিক আহমেদকে আমি খুব কাছ থেকে দেখেছি। তিনি যখন আইন পেশা শুরু করেন তখন আমার পিতা অ্যাডভোকেট সিরাজুল হক সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। সেই সূত্রে বহুদিন ধরে তার সঙ্গে আমার পরিচয়। আমার পরিবারের সঙ্গেও তার ভালো পরিচয়। আইন বিষয়ে পড়াশোনার সময় তার অভিভাবকত্বও আমি পেয়েছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইয়াহিয়া। বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আব্দুন নূর দুলাল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সম্পাদক শাহ মঞ্জুরুল হক, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী প্রমুখ।