পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ফলে বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশকে সহায়তা করে। অর্থনৈতিক সংকটে পড়লে শ্রীলংকাকে সহায়তা করেছে বাংলাদেশ। সম্প্রতি তুরস্ক ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হলে উদ্ধারকারী দল পাঠিয়ে বাংলাদেশ সহায়তা করেছে।’
পরিবেশমন্ত্রী গতকাল মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী ফুলতলা আরএইচডি টু আলীপুর রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মো. শাহাব উদ্দিন আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশব্যাপী রাস্তাঘাট পাকাকরণের কাজ চলছে। পর্যায়ক্রমে দেশের সকল রাস্তাই পাকা করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ।
এর আগে মন্ত্রী জুড়ী উপজেলার কয়েকটি সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।










