ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্রদলের চেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমি মনে করি গণতান্ত্রিক যাত্রার একটি ভালো উদ্যোগ এটি। ভালো সূচনা।

ডাকসুর নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কি না— এমন প্রশ্নে তারেক রহমান বলেন, আমি যেটা দেখলাম, বিভিন্ন মিডিয়াতে কিছু ব্যক্তি যেমন মান্না ভাই, যিনি দু’বার ডাকসুর ভিপি ছিলেন, তিনিও বলেছেন ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি ভিন্ন ক্ষেত্র। আমি সেটার সঙ্গেই একমত। ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতির জায়গায়, জাতীয় রাজনীতি জাতীয় রাজনীতির জায়গায়।

আরো পড়ুন: 'সময় চলে এসেছে মনে হয়, ইনশাল্লাহ শিগগিরই দেশে ফিরব'

তিনি বলেন, যারা জয়ী হয়েছেন বা ভবিষ্যতে জয়ী হবেন, তাদের প্রতি শুভেচ্ছা রইল। আমরা চাই না এসব নির্বাচন কোনো বিতর্কে জড়াক। আশা করি ভবিষ্যতের নির্বাচনগুলো হবে বিতর্কবিহীন, আরো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।