মানিকগঞ্জের সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২০। আজ রোববার ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলায় ভাটভাউর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম মো. বাদশা মিয়া (৪০)। 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই করে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে চুয়াডাঙ্গাগামী জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বেলা পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় যাত্রীবাহী বাস দুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস দুটি সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। 

এ সময় প্রায় ২০ জন আহত হন। নিহত ও আহতরা সেলফি পরিবহনের বাসের যাত্রী। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।