ফেনীতে মাদক (ইয়াবা) মামলার রায়ে ১৫ বছর সাজাপ্রাপ্ত একজন পলাতক পুলিশ কর্মকর্তার আদালতে আত্মসমর্পণ করেছে। পরে তাকে জেলহাজতে পাঠিয়েছেন ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন ওই পুলিশ কর্মকর্তা। পরে আদালত শুনানি শেষে তাকে ফেনী কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সাজাপ্রাপ্ত পলাতক ওই পুলিশ কর্মকর্তা নাম মো. বিল্লাল হোসেন প্রকাশ বেলাল (৪০)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন মতিন মেম্বারের বাড়ির আবদুল মতিনের ছেলে ও তৎকালীন কক্সবাজার পুলিশের গোয়েন্দা শাখার বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই)।

আদালতে হাজির হয়ে বেলাল নিজেকে নির্দোষ দাবি করে ওই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি ষড়যন্ত্রের স্বীকার হয়েছেন বলেও দাবি করেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ও তাকে জামিন দেয়া হলে তিনি পালাবেন না। তার পক্ষে জামিন আবেদন শুনানি করেন ফেনীর জ্যেষ্ঠ এক আইনজীবী।

প্রসঙ্গত, গত ৬ মার্চ বহুল আলোচিত এ মাদক মামলায় ৫ পুলিশ সদস্য, একজন আইনজীবী, একজন আইনজীবী সহকারীসহ ১৩ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়। ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালত এ রায় ঘোষণা করা হয়। রায়ে কক্সবাজার পুলিশের গোয়েন্দা শাখার বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন প্রকাশ বেলালসহ ৬ জনকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় বেলাল  আদালতে উপস্থিত না হয়ে পলাতক ছিলেন।