ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। উপাচার্য কার্যালয়ে নবনিযুক্ত উপাচার্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছ থেকে গতকাল দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাবি শিক্ষক সমিতির নেতারা, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, অফিসপ্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার সামাজিক ও রাজনৈতিক সংগঠন নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর উপাচার্য হিসেবে মেয়াদ শেষ করেন অধ্যাপক আখতারুজ্জামান। এদিন সরকারি ছুটি থাকায় ২ নভেম্বর ছিল উপাচার্য হিসেবে তার শেষ কার্যদিবস।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আখতারুজ্জামান। ২০১৯ সালের ৩ নভেম্বর চার বছরের জন্য তাকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে অধ্যাপক মাকসুদ কামালকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। উপাচার্যের দায়িত্ব নেয়ার আগে তিনি ২০২০ সালের জুন থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্বে ছিলেন।

উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ায় অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল রাষ্ট্রপতি, ঢাবির চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এ দেশের সব অর্জনের পেছনে এ বিশ্ববিদ্যালয়ের অনন্য অবদান রয়েছে। গুণগত শিক্ষা, মৌলিক গবেষণা, সৃজনশীল ও উদ্ভাবনী কাজের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।’