নরসিংদীর রায়পুরায় শ্রীনিধি রেলস্টেশনসংলগ্ন ঢাকাগামী পণ্যবাহী কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে এ লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের মহিষমারায় এ ঘটনা ঘটে।
সকালে চট্টগ্রাম থেকে একটি পণ্যবাহী কনটেইনার ট্রেন ঢাকা আপ-লাইনে যাচ্ছিল। নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলস্টেশনের মহিষমারায় পৌঁছলে দুটি বগি লাইনচ্যুত হয়। ফলে ওই লাইন দিয়ে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে।
শ্রিনিধি স্টেশনমাস্টার রেজোয়ান জানান, সাড়ে ১২টার দিকে পণ্যবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। একটি লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। উদ্ধারকারী ট্রেন এলে সমস্যা কেটে যাবে। মেথিকান্দা স্টেশনমাস্টার আশরাফ আলী জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে লাইন স্বাভাবিক হবে।










